আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মসনদে বসেছেন তামিম ইকবাল। গতকাল মঙ্গলবার দায়িত্ব পাওয়ার পর অ্যাডহক কমিটির সভায় এসেছে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর মাঝে উল্লেখযোগ্য হলো, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা ও কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।
গতকাল বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বোর্ডের মুখপাত্র তানজিল চৌধুরি বলেন, ‘আজকে প্রথমে আসলে একটা সৌজন্য সাক্ষাৎ, আমাদের ইন্ট্রোডাকশন হলো। তারপর যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, আমাদের কিছু নিয়মিত কার্যক্রম আছে, সেটাকে বহাল রাখার জন্য কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। মূলত আমাদের যে ব্যাংকের সিগনেটরি আছে, সেগুলো দুটো গ্রুপে ভাগ করা থাকে- একটা ম্যানেজমেন্ট গ্রুপে এবং আরেকটা বোর্ড থেকে বা অ্যাডহক কমিটি থেকে। সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি।’
আইসিসি ও এসিসিতে তামিমকে প্রতিনিধি করার বিষয়টি নিয়ে তানজিল বলেন, ‘আরেকটি সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি। আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে, ক্রিকেট বোর্ড থেকে। সেটা মূলত বাই ট্রাডিশন এন্ড অলসো বাই ডিজাইন এবং কন্ডাক্ট, ওটা প্রেসিডেন্ট মহোদয় অ্যাটেন্ড করেন। আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবালকে আমরা মনোনীত করেছি। পাশাপাশি যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা নির্বাচিত কমিটি নই বা বোর্ড নই, আইসিসি আমাদেরকে গাইড করেছে যে, এখানে সিইও থাকলে ভালো হয় পদাধিকার বলে। সেটাও আমরা আজকে অনুমোদন করেছি।’
আজ বুধবার সন্ধ্যা ৬টায় তামিম ইকবালরা আরেকটি বোর্ড সভায় বসবেন। বিসিবির ক্ষমতার এই পালাবদলের মাঝে আরেকটি আন্তর্জাতিক সিরিজের সময় ঘনিয়ে এসেছে। দাঁড়িয়ে। আগামী সোমবারই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। আসন্ন এই সিরিজ নিয়ে তানজিল বলেন, ‘নিউজিল্যান্ড দলের যে সফর, সেটার জন্য যা যা দরকার, প্রস্তুতি যেগুলো দরকার, সেটা নিয়ে আমরা একটা আপডেট নিয়েছি। বিস্তারিত আরও আগামী সভায় এটা নিয়ে আলোচনা করব।’