স্পেন ও মিশরের মধ্যকার প্রীতি ম্যাচে গ্যালারি থেকে দর্শকদের দেওয়া ‘ইসলামবিদ্বেষী’ স্লোগানের ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত ৩১ মার্চ বার্সেলোনায় অনুষ্ঠিত ওই ম্যাচে দর্শকদের এমন আচরণ ফুটবল বিশ্বে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ চলাকালীন গ্যালারির একটি অংশ থেকে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষমূলক স্লোগান দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পরপরই ক্ষোভ প্রকাশ করেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। উল্লেখ্য, ইয়ামাল নিজে একজন মুসলিম। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে স্পেন সরকার এবং খোদ স্প্যানিশ ফুটবল ফেডারেশনও। এরই মধ্যে বার্সেলোনার পুলিশ ওই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ফিফা জানায়, ‘মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আজ শৃঙ্খলাভঙ্গজনিত তদন্ত শুরু করা হয়েছে।’
ফিফার নিয়ম অনুযায়ী, গ্যালারিতে বর্ণবাদ বা ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের জন্য সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। অভিযোগ প্রমাণিত হলে স্প্যানিশ ফেডারেশনকে বড় অঙ্কের জরিমানা গুণতে হতে পারে। এমনকি দর্শকশূন্য মাঠে ম্যাচ খেলার মতো নিষেধাজ্ঞাও আসতে পারে। ফুটবল মাঠে বর্ণবাদ ও ধর্মীয় অসহিষ্ণুতা দূর করতে ফিফা দীর্ঘদিন ধরে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে।
উল্লেখ্য, আলোচিত ম্যাচ শেষে ইনস্টাগ্রাম লামিনে ইয়ামাল লিখেছিলেন, ‘আমি জানি এই স্লোগানগুলো প্রতিপক্ষ দলের উদ্দেশে ছিল এবং সরাসরি আমার বিরুদ্ধে ছিল না। কিন্তু একজন মুসলিম হিসেবে এটি অত্যন্ত অসম্মানজনক এবং অসহনীয়। যারা এই কাজগুলো করেন, তাদের বলছি—মাঠে কোনো ধর্ম নিয়ে উপহাস করা আপনাকে কেবল একজন মূর্খ ও বর্ণবাদী হিসেবেই প্রমাণ করে।’