যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় আলবানি অঙ্গরাজ্যের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি, তারা হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) ও ফাহিম আলিম (২৭)। তাদের মধ্যে হীরামন ও নাজমুল বাবা-ছেলে এবং ফাহিম নাজমুলের বন্ধু। তারা নিউইয়র্কের লাউডনভিল এলাকায় বসবাস করতেন।
আহতরা হলেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং তার নাতনি ইকরা (১)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তারা আলবানির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে করে ঘুরতে বেরিয়েছিলেন তারা। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের মাঝের বিভাজক অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।