কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা মামদানির

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার ২০৩২ সালের মধ্যে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২০ নভেম্বর) ঘোষিত এ পরিকল্পনার মূল লক্ষ্য কারাগারে বন্দির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা এবং বিকল্প কারাগার ও পুনর্বাসনব্যবস্থা গড়ে তোলা। খবর এনবিসি নিউজ। 

আইন অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধ করে এর পরিবর্তে চারটি ছোট ও আধুনিক কারাগার চালু করার বাধ্যবাধকতা রয়েছে নগর কর্তৃপক্ষের। তবে নির্ধারিত সময়ের মধ্যে এ কাজ শেষ করা সম্ভব হবে না বলেই ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই রাইকার্স আইল্যান্ড কারাগার অব্যবস্থাপনা, সহিংসতা ও অতিরিক্ত বন্দির চাপের প্রতীক হয়ে উঠেছে। কারাগারটির বিভিন্ন অংশে সহিংসতা ও ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রাখার পরিস্থিতি এতটাই গুরুতর যে, এক ফেডারেল বিচারক একে ‘অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে সেখানে শৃঙ্খলা ফেরানো ও সংস্কার বাস্তবায়নের জন্য একজন বহিরাগত তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন।

ডেমোক্র্যাট মেয়র মামদানি দীর্ঘদিন ধরেই রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তবে নতুন কারাগার নির্মাণের দীর্ঘদিনের পরিকল্পনাটি নানা বাধার মুখে পড়েছে। তাঁর পূর্বসূরি সাবেক মেয়র এরিক অ্যাডামসও ফেডারেল তদারকি এবং বিভিন্ন প্রশাসনিক বিভাগে কারাগার নির্মাণের বিরোধিতা করেছিলেন।

এক বিবৃতিতে মামদানি বলেন, ‘অবশেষে রাইকার্স আইল্যান্ড বন্ধ করার সময় এসেছে। কয়েক দশক ধরে নিউইয়র্কবাসী একটি নিরাপদ ও মানবিক কারা ব্যবস্থার দাবি জানিয়ে আসছেন।’

বর্তমানে রাইকার্স আইল্যান্ডে ৬ হাজার ৫০০-এর বেশি বন্দি রয়েছেন। মামদানির পরিকল্পনা অনুযায়ী, এ সংখ্যা কমিয়ে প্রায় ৪ হাজার ৫০০-তে নামিয়ে আনা হবে।

রাইকার্স আইল্যান্ড পূর্ব নদীতে (ইস্ট রিভার) অবস্থিত একটি দ্বীপ, যা লাগুয়ার্ডিয়া বিমানবন্দরের কাছাকাছি। পরিকল্পনা অনুযায়ী, সেখানকার বন্দিদের ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন ও ম্যানহাটনের নতুন কারাগারগুলোতে স্থানান্তর করা হবে। যাঁদের চিকিৎসা বা মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন, তাঁদের রাখা হবে নির্ধারিত কয়েকটি চিকিৎসাকেন্দ্রে।

এ ছাড়া নারী বন্দিদের জন্য কারাগারে শয্যাসংখ্যা কমিয়ে তাঁদের কমিউনিটিভিত্তিক পুনর্বাসন কর্মসূচির আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

নিউইয়র্কের মেয়র কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন কারাগারগুলোর মধ্যে ব্রুকলিনেরটি ২০২৯ সালে, ব্রঙ্কস ও কুইন্সের কারাগার দুটি ২০৩১ সালে এবং ম্যানহাটনেরটি ২০৩২ সালে চালু হওয়ার কথা রয়েছে।

রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের দাবি কয়েক দশক ধরেই জানিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের অপরাধ বিচারব্যবস্থা সংস্কারের আন্দোলনকারীরা। ১৯৩০-এর দশক থেকে কারাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে দ্বীপটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত