রজনীকান্তর সিনেমায় থাকছেন না কিং খান

দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেগা প্রজেক্ট 'জেলার ২'-তে ক্যামিও চরিত্রে থাকছেন না শাহরুখ খান। একধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ছবিটির নির্মাতা ৫ দিনের একটি বিশেষ চরিত্রের জন্য কিং খানকে নিতে আগ্রহী ছিলেন এবং শাহরুখ নিজেও বিষয়টিতে ইতিবাচক ছিলেন। তবে তার বর্তমান মনোযোগ পুরোপুরি 'কিং' ছবিটিকে ঘিরে, যা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ—বিশেষ করে এটি তার কন্যা সুহানার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। 

টিমের সঙ্গে এক সম্মানজনক আলোচনায় শাহরুখ জানান যে, তিনি এই চরিত্রে অভিনয় করতে আগ্রহী, তবে তিনি অনুরোধ করেছিলেন যেন 'জেইলার ২' ছবিটি 'কিং'-এর পরে মুক্তি পায়। কারণ তিনি তার লুক এবং উপস্থিতি শুধুমাত্র 'কিং'-এর জন্যই একচেটিয়া রাখতে চান। তবে প্রস্তাবটি ফিরিয়ে দিলেও রজনীকান্তের প্রতি শাহরুখের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই অটুট রয়েছে। ভবিষ্যতে সঠিক সময়ে রজনীকান্তের সাথে কাজ করার জন্য তিনি মুখিয়ে আছেন বলে জানা যায়। 

আরও জানা যায়, জেলার ২ ছবিটি আগামী আগস্টে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। যেখানে 'কিং' মুক্তি পাবে ডিসেম্বরে। সময়ের এই পার্থক্যের কারণে উভয় পক্ষই পারস্পরিক সম্মতিতে এই ক্যামিও নিয়ে আর না এগোনোর সিদ্ধান্ত নিয়েছে।