বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় শহরের সেন্ট্রাল স্কুল মাঠ থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। 

শিল্পনগরীখ্যাত বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ৪১ নম্বর বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১০ জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ৩ হাজার ৭৩৬ জন ভোটার।

এ আসনে মোট ১৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া দায়িত্ব পালন করবেন ২ হাজার ৬৫৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা, ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍‍্যাব, সেনাবাহিনী সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে দুটি আসনে নির্বাচিত হওয়ায় তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।