ঠাকুরগাঁও বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: পরওয়ার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পিএম

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিবদের ভাতা ও বেতন দেওয়ার ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলে এ অঞ্চলকে শূন্য করে ফেলা হবে। তাই ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার অনুরোধ জানান তিনি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে এই জামায়াত নেতা এসব কথা বলেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, বিএনপির দিন ফুরিয়ে আসছে। ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে। চাঁদাবাজি ও দখলদারত্বের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আগামী ২৯ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সরকার দলের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দুর্নীতি ও দলীয়করণের পাশাপাশি দলের লোকজনকে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও বিএনপি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। এ সময় বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি দলটির বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তোলেন।

নির্বাচনে কোনো ধরনের টালবাহানা বা কারচুপি করা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনিসহ জামায়াতের বিভিন্ন নেতা।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমসহ ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত