বাসচালককে মারধরের মামলায় জামায়াতের শ্রমিক নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে বাসে হামলা ও চালককে মারধরের মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আবদুল মালেক শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাউফল উপজেলার বগা এলাকার নিজ বাড়ি থেকে বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারের জানা যায়, ২৬ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘কিংস পরিবহন’এর বাসটি দুমকি-বাউফল সড়কের বোর্ড অফিস ব্রিজ অতিক্রমের সময় একটি প্রাইভেটকারকে ওভারটেকিং করে দ্রুত বেগে চরগরবদি ফেরিতে ওঠে। পরে প্রাইভেটকারটি পেছনে পেছনে ফেরিতে উঠে চালকের সঙ্গে তর্কে জড়ান। ফেরিটি বগা প্রান্তের পন্টুনে ভিড়লে মালেক শরীফসহ ছয় যুবক প্রাইভেটকারের পক্ষ নিয়ে পরিবহন চালক সোহেলকে লোহার (জিআই) পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় ওইদিন রাতে আহত চালক সোহেল মোল্লার মা ফিরোজা বেগম বাদী হয়ে মালেক শরীফের নাম উল্লেখ করে আরও  অজ্ঞাত ছয় জনকে আসামি করে দুমকি থানায় মামলা দায়ের করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।