ফরিদপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রতন মুন্সী (৩৮) নগরকান্দা উপজেলার ডাঙ্গি এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন নেতৃত্তে বিশেষ অভিযানে চালিয়ে সন্দেহভাজন রতন মুন্সীকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বেলায়েত হোসেন জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায়  ভাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আটক রতন মুন্সীকে আদালতে সোপর্দ করা হবে।

এ ধরনের অভিযানের ফলে মাদকবিরোধী কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।