কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে তিন কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একজন মিয়ানমার নাগরিককে আটক করেছে। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদী থেকে শনিবার (২২ আগস্ট) তাকে আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
আটক ব্যক্তি নাম মো. শাহ আলম (৫০) তবে তার পরিচয় জানায়নি সীমান্ত রক্ষাকারী বাহিনী।
এব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, নিজস্ব গোয়েন্দা তৎপরতায় ২১ আগস্ট জানা যায় যে মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে সাবরাং এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সাবরাং বিওপির কাছাকাছি নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, বিজিবির একটি বিশেষ দল অত্যাধুনিক ফ্যান্টম বোট নিয়ে রাত আনুমানিক ১টার দিকে নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়। শরিবার (২২ আগস্ট) সকাল ৭টার দিকে প্রযুক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে মিয়ানমার জলসীমা থেকে একটি কাঠের নৌকাকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে দেখা যায়। নৌ-টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌকাটিকে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা তিনজন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যান। তবে অভিযানকারী দল মাদক পাচারের সঙ্গে জড়িত একজন মিয়ানমার নাগরিককে আটক করেছে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা তিন প্যাকেট ক্রিস্টাল মেথ (আইস) নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিজিবি ৩ কেজি আইসসহ একজন মিয়ানমার নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।