যশোরে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

যশোরের অভয়নগরে অবৈধ ও নানা অব্যবস্থাপনায় পরিচালিত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানা অনিয়ম পাওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং একটি প্রাইভেট হাসপাতালকে জরিমানা করা হয়েছে। 

অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স না থাকায় মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। একই সঙ্গে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় আল মদিনা প্রাইভেট হাসপাতালকে ভোক্তা অধিকার ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও দেখা যায়, আল মদিনা প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটারে ইজিবাইকের লাইট ব্যবহার করা হচ্ছে। খাবার পানির উৎসের পাশেই ময়লার স্তূপ জমে আছে। নেই পর্যাপ্ত বেডের ব্যবস্থা এবং রোগীদের কোনো রেজিস্টার্ড তালিকা সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না। এসব বিষয়কে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু জানিয়েছেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে এবং অবৈধ ও অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।