ভোলা

কোস্ট গার্ডের অভিযানে কারেন্ট জাল ও পলিথিন জব্দ

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম

ভোলার লালমোহন ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ১০ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার বদরপুর ধুমকেতু আবাসনসংলগ্ন এলাকায় অভিযান চালান।

এ সময় তিনটি গুদামে তল্লাশি চালিয়ে ১৪ লাখ ৩৮ হাজার ১৪২ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে একই রাতে ভোলা সদর উপজেলার খেয়াঘাটসংলগ্ন এলাকায় একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, জব্দ করা পলিথিন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণ, অবৈধ পলিথিনের ব্যবহার রোধ এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত