তিতাসে সয়াবিন তেল বোতলজাত করা অবৈধ কারখানাকে জরিমানা

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে সয়াবিন তেল প্রক্রিয়াজাত ও বাজারজাত করণের অভিযোগে মেসার্স এ কে আজাদ ট্রেডার্স নামে প্রতিষ্ঠানের মালিক আজাদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লাবুনা এ অভিযান পরিচালনা করেন। এ সময় বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা ইকবাল আহমেদ (সিএম) সঙ্গে ছিলেন।

জানা যায়, তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে মেসার্স এ কে আাজাদ ট্রেডার্স বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লগো ও বিডিএস নাম্বারের মোড়ক লাগিয়ে বারিধারা সয়াবিন তেল বোতলজাত বাজারজাত করে আসছিলেন। এনিয়ে দৈনিক দেশ রূপান্তর অনলাইন ভার্সনে বুধবার (৮ এপ্রিল) "অবৈধ কারখানায় বোতলজাত করা হয় সয়াবিন" শিরেনামে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন কুমিল্লা বিএসটিআই কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সত্যতা পায়। আজ (৯ এপ্রিল) মাঠ কর্মকর্তা ইকবাল আহমেদ (সিএম) এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত একে আজাদ ট্রেডার্স এর মালিককে জরিমানা করেছেন এবং লাইসেন্স না পাওয়া পর্যন্ত বারিধারা সয়াবিন তেল বাজারে বিক্রি করতে পারবেন না বলে নোটিশ প্রদান করেছেন। 

কুমিল্লা বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা ইকবাল আহমেদ (সিএম) বলেন, মেসার্স এ কে আজাদ ট্রেডার্সকে আগেও নোটিশ করে ছিলাম লাইসেন্স না পাওয়া পর্যন্ত বারিধারা সয়াবিন তেল বাজারজাত করতে পারবেন না। তার পরও এ কোম্পানি বারিধারা সয়াবিন তেল বাজারজাত করে আসছিল যা আইনত অপরাধ। তাই স্থানীয় প্রাশসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত বারিধারা সয়াবিন তেল বাজারে বিক্রি করতে পারবেনা মর্মে নোটিশ দেয়া হয়েছে ।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউট ম্যাজিস্ট্রেট তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লাবুনা বলেন, খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতের জন্য বিএসটিআইসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকা বাধ্যতামূলক। কিন্তু মেসার্স এ কে আজাদ ট্রেডার্সের কারখানাটির কোনো ধরনের অনুমোদন পাওয়া যায়নি তাই তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।