নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. জহিরুল ইসলাম পদোন্নতি পেয়ে কুমিল্লা জেলার সিভিল সার্জন হিসেবে যোগদান করেছেন। রবিবার (২৩ আগস্ট) সকালে তিনি কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
১৯ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. জহিরুল ইসলামকে কুমিল্লার সিভিল সার্জন হিসেবে পদোন্নতি ও পদায়ন করা হয়। পরদিন ২০ আগস্ট তিনি এ সংক্রান্ত চিঠি হাতে পান। চিঠিতে তাকে আগামী ২৪ আগস্টের মধ্যে কুমিল্লায় নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের একদিন আগেই তিনি দায়িত্ব নিয়েছেন।
ডাক্তার জহিরুল ইসলামের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায়। তিনি ২০১৯ সালে চিকিৎসা কর্মকর্তা (এমও) হিসেবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে যোগদান করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ওই বছর ২০ অক্টোবর তিনি হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব পান। দেড় বছরেরও বেশি সময় আরএমও হিসেবে দায়িত্ব পালনের পর এবার তিনি পদোন্নতি পেয়ে কুমিল্লা জেলার সিভিল সার্জনের দায়িত্ব নিয়েছেন।