নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বুধবার (৮ এপ্রিল) গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে একই দিন বিকেলে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোস্ট গার্ডের একটি দল উক্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মজুদ অবস্থায় থাকা ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
পরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।