ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মাসুম বিল্লাহ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কমলাপুর মাটিয়া গোরস্থান সংলগ্ন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাসুম বিল্লাহ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাজরামিনা এলাকার বাসিন্দা এবং মো. জামাল উদ্দিনের ছেলে। পুলিশ আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে স্থানীয়রা একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধারের সময় গাছের সঙ্গে ঝুলন্ত থাকলেও তার দুই পা মাটির সঙ্গে লেগে ছিল এবং মুখমণ্ডল ওপরের দিকে ছিল। এছাড়া গলায় ফাঁসের চিহ্ন না থেকে ঘাড়ের দিকে ফাঁসের আলামত পাওয়া গেছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত লাশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
তিনি আরও জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।