মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার ক্ষুদ্র টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মিলন মিয়া সাব্বির (২২)। তিনি শিবালয় উপজেলার কেশবপুর (ফলসাটিয়া) এলাকার বাসিন্দা এবং রাহাদ আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, মানিকগঞ্জগামী একটি এপাচি মোটরসাইকেল (নম্বর মানিকগঞ্জ-ল-১১-৮৭৩৪) এবং বিপরীত দিক থেকে আসা পাটুরিয়াগামী একটি হিরো হোন্ডা মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিলন মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন মো. উজ্জল (৩০), আকিবুল (১৯) ও মোহাম্মদ আলী (২৫)। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বরংগাইল হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, খবর পেয়ে বরংগাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল জব্দ করেছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক