চোরাই পথে আসা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করল বিজিবি

কুষ্টিয়া সীমান্ত এলাকার চোরাই পথে আসা জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় কুষ্টিয়া ৪৭ বিজিবির সদর দপ্তরে জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান উপস্থিতি থেকে এসব মাদক ধ্বংস করেন।

বিজিবি সূত্রে জানায়, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে এ বছরের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার ৯৯৫ টাকা। মাদক চোরাচালান রোধে এ অভিযান আরও কঠোর করা হয়েছে বলে জানান বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হাসান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, কুষ্টিয়া জেলা প্রশাসকসহ কর্মকর্তাগণ। এসব ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল বাংলামদ, ফেনসিডিল, গাঁজা, হেরোইন, কোকেন, ইয়াবা সহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য।