হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম আতঙ্ক এখন সারা দেশে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় হাম ও উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যুর ঘটনা ঘটছে। গতকাল নতুন করে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তারমধ্যে একজন হামে বাকি ৬ জন হাম উপসর্গে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর হামে ২৩ শিশু এবং উপসর্গে ১৪৩ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। এদিকে সারা দেশের চিত্র বলছে, রোগীর চাপে আইসোলেশন সেন্টারে তিল ধারণের ঠাঁই নেই। অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৮৭ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৬৪২ জনের। এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ২৪১। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ২৫১। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ৮০১।