ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার (১০ এপ্রিল) থেকে শুরু করছে।
দলটির কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন থেকে আজ বেলা ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে, যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, মনোনয়ন ফরম বিক্রির পাশাপাশি একই দিন থেকেই ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। জমা দেওয়ার শেষ সময়ও নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল।
এ দিকে আগামী ১২ মে ভোটগ্রহণের তারিখ রেখে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তফশিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।