টানা দ্বিতীয় দিনের মতো আইপিএল দেখল শেষ বলের রুদ্ধশ্বাস নাটক। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ১৮১ রান তুলেও জয় পেল না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মুকুল চৌধুরীর অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষ বলে ম্যাচ জিতে নিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (এলএসজি)। তবে ম্যাচের ফল ছাপিয়ে এখন আলোচনায় ওপেনার ফিন অ্যালেনের বিতর্কিত আউট, যাকে আম্পায়ারের ভুল হিসেবে অভিহিত করছে কেকেআর।
স্বাগতিক কেকেআরের ইনিংস চলাকালীন ফিন অ্যালেনের একটি শট বাউন্ডারি লাইনে তালুবন্দি করেন দিগবেশ রাঠি। রিপ্লেতে দেখা যাচ্ছিল, ক্যাচ নেওয়ার সময় ফিল্ডারের পা বাউন্ডারি কুশন স্পর্শ করে থাকতে পারে। কিন্তু মাঠের আম্পায়াররা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খুঁটিয়ে না দেখেই আউট ঘোষণা করেন। যদি এটি ছক্কা হতো, তবে কেকেআরের স্কোরবোর্ডে আরও ৬ রান যোগ হতো এবং ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কেকেআর তারকা রোভম্যান পাওয়েল আম্পায়ারদের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘অবশ্যই আরও কয়েকটি অ্যাঙ্গেল থেকে চেক করা উচিত ছিল। আমরা দেখেছি আম্পায়াররা এর চেয়েও ছোট খাটো বিষয়ে থার্ড আম্পায়ারের কাছে যান। এটি পরিষ্কার একটি ভুল ছিল। তবে আমরা স্রেফ এই অজুহাত দিয়ে হার লুকাতে চাই না।’
শেষ ২ ওভারে লক্ষ্ণৌয়ের জয়ের জন্য দরকার ছিল ৩০ রান। শেষ ২ বলে যখন ৭ রান প্রয়োজন, তখন পঞ্চম বলে ছক্কা এবং শেষ বলে সিঙ্গেল নিয়ে দলের জয় নিশ্চিত করেন মুকুল চৌধুরী। এই পরাজয়ে হতাশা প্রকাশ করে পাওয়েল বলেন, ‘খুবই হতাশাজনক। আমরা নিজেদের দর্শকদের সামনে ইডেনকে অপরাজেয় রাখতে চেয়েছিলাম। ১৮১ রান করার পর আমাদের বিশ্বাস ছিল আমরা জিতব। কিন্তু মুকুল সত্যিই অসাধারণ ব্যাটিং করেছে, কৃতিত্ব ওর প্রাপ্য।’