বাংলাদেশ সফরে আসা হচ্ছে না ক্লার্কের; ডাক পেলেন বেন লিস্টার

বাংলাদেশ সফরের আগে বড় এক ধাক্কা খেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। চোটের কারণে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন অল-রাউন্ডার ক্রিশ্চিয়ান ক্লার্ক। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার বেন লিস্টার। আজ শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

শ্রীলঙ্কায় বর্তমানে নিউজিল্যান্ড এ দলের হয়ে খেলছেন ক্লার্ক। সেখানেই স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের তালুতে আঘাত পান। ক্লার্কের বদলি হিসেবে ডাক পাওয়া বেন লিস্টার সর্বশেষ ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে কিউইদের হয়ে খেলেছিলেন। ১২টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা সম্পন্ন লিস্টারও বর্তমানে শ্রীলঙ্কা সফরে দলের সাথে রয়েছেন।

নিউজিল্যান্ডের পেস আক্রমণে আরও এক পরিবর্তন এসেছে। ফাস্ট বোলার বেন সিয়ার্স বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে থাকছেন না। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল রাওয়ালপিন্ডিজের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় তিনি ওয়ানডে সিরিজ মিস করবেন। তবে ওয়ানডে সিরিজের জন্য তার কোনো বদলি নিচ্ছে না কিউইরা।

পিএসএলের ব্যস্ততা কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে সিয়ার্স দলের সাথে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। চোট কাটিয়ে এই সফরের মাধ্যমে কিউই দলে ফিরছেন ম্যাথিউ ফিশার, উইল ওরুরকি এবং ব্লেয়ার টিকনার। ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ টম ল্যাথাম।

উল্লেখ্য, বাংলাদেশে চলমান জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ী উদ্যোগের অংশ হিসেবে ম্যাচের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বিসিবি। সবগুলো ম্যাচই নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা এগিয়ে আনা হয়েছে। আগামী ১৭ এপ্রিল ঢাকায় প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে কিউইদের এই বাংলাদেশ সফর।