পেপ গার্দিওলা-পরবর্তী নতুন যুগের শুরুটা হলো চরম নাটকীয়তায়। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে ২-১ ব্যবধানে হারিয়ে নতুন কোচ এনজো মারেস্কার অধীনে প্রিমিয়ার লিগের যাত্রা শুরু করল ম্যানচেস্টার সিটি। তবে দলের এই জয়ের আলো ছড়াতে পারেননি দলের সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ড। নিজের ট্রেডমার্ক লম্বা চুল কেটে একেবারে নতুন 'বাজকাট' লুকে মাঠে নামা এই নরওয়েজিয়ান গোলমেশিনকে আজ গোলের খাতায় খুঁজেই পাওয়া যায়নি।
নতুন হেয়ারস্টাইলে অচেনা হালান্ড
ম্যাচ শুরুর আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন হালান্ড। নিজের চেনা লম্বা চুল কেটে একদম ছোট করে ছাঁটা নতুন হেয়ারস্টাইলে মাঠে নামেন তিনি। তবে মাঠের নতুন লুকের মতো খেলার ধরনেও আজ যেন এক অচেনা হালান্ডকে দেখল সমর্থকরা। ম্যাচের শুরুতে উইঙ্গার নিকো ও'রাইলির একটি চমৎকার ক্রস থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু নিজের রান ঠিকঠাক টাইমিং করতে না পারায় তার হেডটি গোলপোস্টের বাইরে চলে যায়। পুরো ম্যাচ জুড়েই গোলের জন্য তাকে হন্যে হয়ে ঘুরতে দেখা গেছে, যা তার চেনা ফর্মের সাথে বড্ড বেমানান।
প্রথমার্ধে বোর্নমাউথের চমক
ম্যাচের শুরুটা সিটি ভালো করলেও ২৬ মিনিটে স্তব্ধ হয়ে যায় ইতিহাদ। ম্যানসিটির রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে ওঠে বোর্নমাউথ। একটি লং বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় সিটির ডিফেন্স। সেখান থেকে রয়ানের পাস ধরে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকেন এভানিলসন। তার নিখুঁত লো-ক্রসে পা ছুঁইয়ে বোর্নমাউথকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন আনমার্কড থাকা মার্কাস ট্যাভারনিয়ার। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
গেহির সমতা ও গভার্দিওলের শেষ মুহূর্তের ভিএআর নাটকীয়তা
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে লড়া সিটিকে ৮৪ মিনিটে উদ্ধার করেন ডিফেন্ডার মার্ক গেহি। কর্নার থেকে উড়ে আসা বলে চোখধাঁধো হেডে গোল করে সিটিকে সমতায় ফেরান এই ইংলিশ ডিফেন্ডার।
আসল নাটক তখনও বাকি ছিল ম্যাচের ইনজুরি টাইমে। ৯১ মিনিটে বদলি খেলোয়াড় রয়ান চের্কির ডিফেন্স চেরা পাস থেকে ডি-বক্সের ভেতর বল পান ইয়োশকো গভার্দিওল। শরীর ঘুরিয়ে দারুণ এক ফিনিশিংয়ে বোর্নমাউথের জালে বল জড়ান এই ক্রোয়াট ডিফেন্ডার। শুরুতে রেফারি এটিকে অফসাইড ঘোষণা করলে ইতিহাদে নীরবতা নেমে আসে। তবে দীর্ঘ ভিএআর রিভিউ শেষে অফসাইডের সিদ্ধান্ত বাতিল করে গোলটি বহাল রাখলে বুনো উল্লাসে মেতে ওঠে পুরো স্টেডিয়াম।
আক্রমণভাগের ব্যর্থতা সত্ত্বেও ডিফেন্ডারদের দারুণ নৈপুণ্যে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মারেস্কার দল। ম্যাচ শেষে বিজয়ী গোলদাতা গভার্দিওল বলেন, "গত কয়েক সপ্তাহে দলে অনেক পরিবর্তন এসেছে। মৌসুমের প্রথম ম্যাচ জেতাটা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি। আমরা এই জয়টার যোগ্য ছিলাম।"
১০০ মিলিয়নে মরক্কোর 'বিস্ময়বালক' বুয়াদিকে নিচ্ছে ম্যানসিটি