তামিমের যুগান্তকারী উদ্যোগ; ডিপিএলে থাকছে আইসিইউ অ্যাম্বুলেন্স

ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তনের আভাস দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটের আদলে এখন থেকে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রতিটি ম্যাচে মাঠে থাকবে আইসিইউ সুবিধাসম্পন্ন অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। ক্রিকেটারদের নিরাপত্তা ও তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এই উদ্যোগের পেছনে রয়েছে বিসিবি সভাপতির ব্যক্তিগত এক দুঃসহ স্মৃতি। গত বছর মার্চে মোহামেডানের হয়ে বিকেএসপিতে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম। সেই সময় মাঠে উন্নত চিকিৎসার অভাবে তাকে সাভারের হাসপাতালে নিতে বেশ বেগ পেতে হয়েছিল। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা তামিম চান না আর কোনো ক্রিকেটার এমন পরিস্থিতির শিকার হোন।

সাংবাদিকদের তামিম ইকবাল বলেন, ‘নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি ঘরোয়া ক্রিকেটে এটি কতটা জরুরি। মাঠে যে কেউ যেকোনো সময় অসুস্থ হতে পারেন, বলের আঘাত লাগতে পারে। তাৎক্ষণিক উন্নত চিকিৎসা নিশ্চিত করা বোর্ডের দায়িত্ব। আমি সেই সুরক্ষাকবচ তৈরি করার চেষ্টা করছি।’

তবে এই উদ্যোগটি বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কারণ, একই দিনে লিগের ছয়টি ম্যাচ থাকলে ছয়টি আলাদা অ্যাম্বুলেন্সের প্রয়োজন হবে। বিকেএসপির মতো ভেন্যুতে যেখানে পাশাপাশি দুটি মাঠে খেলা হয়, সেখানে একটি বড় সেন্ট্রাল ইউনিটের মাধ্যমে বিকল্প ব্যবস্থার কথা ভাবছে টুর্নামেন্ট কমিটি।

শুধু চিকিৎসাসেবা নয়, ডিপিএলের দলগুলোর জন্য আর্থিক সুবিধাও বাড়িয়েছে বোর্ড। দলগুলোর জন্য বরাদ্দ করা ১৫ লাখ টাকার প্রণোদনা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। এছাড়া অতীতে ক্রিকেটারদের খাবারের খরচ ক্লাবগুলোকে বহন করতে হলেও, এবার থেকে লিগের সব দলের খাবারের দায়িত্ব নিয়েছে বিসিবি।