বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করায় দুই ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর হামলায় বিশ্ববিদ্যালয়ের চার স্টাফ আহত হয়েছেন। এর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২১০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আটক আহনাফ আহমেদ বরিশাল সদরের মনোয়ার হোসেন খানের ছেলে।
আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি শাখার মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন ও উজ্জ্বল ও লোকপ্রশাসন বিভাগের অফিস সহায়ক সুজিত বালা।
সংশ্লিষ্টরা জানায়, পরীক্ষার হলে মোবাইল ফোন বের করে প্রশ্নের ছবি তোলার সময় আহনাফ আহমেদ নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেন কক্ষ পরিদর্শক। পরে তাকে বহিষ্কার করা হয়। কন্ট্রোল রুমে নেওয়ার পথে হঠাৎ তিনি ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি শাখার চার স্টাফকে মারধর করেন।
এদিকে অন্য একটি কক্ষ থেকে এক নারী ভর্তিচ্ছু শিক্ষার্থীকে মোবাইলসহ আটক করা হয়। তিনি জানান, তিনি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন। তার আশপাশের অনেক বন্ধু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাওয়ায় এবং পারিবারিক চাপে তিনি অসদুপায় অবলম্বন করতে বাধ্য হন।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে কন্ট্রোল রুমে নেওয়ার সময় তিনি চার স্টাফকে মারধর করেন, যাদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ তাকে থানায় নিয়ে গেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।