হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে হজযাত্রীদেরকে হজ এজেন্সি কিংবা অন্য কারো প্ররোচনায় নিষিদ্ধ পণ্য বহনে নিষেধ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের আইনে হজযাত্রীর লাগেজে নেশা জাতীয় ওষুধ, তামাক পাতা, জদ্দা, গুল, পানপাতা, শুটকি, রান্না করা খাবার ও পঁচনশীল দ্রব্যাদি বহন করা নিষিদ্ধ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়টি উল্লেখ রয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীরা সৌদি গমন করবেন।