শাহজাদপুরে জমি দখল ঠেকাতে গিয়ে হামলার শিকার

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজস্ব ক্রয়কৃত জমি বেদখল ঠেকাতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন এক পরিবার। গুরুতর আহত অবস্থায় পরিবারের কয়েকজন সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার বেলতৈল ইউনিয়নের চর কাদাই গ্রামের বাসিন্দা ইসরাইল প্রামাণিক প্রায় ২৫ বছর আগে প্রতিবেশী জেন্দার আলীর কাছ থেকে দুই দফায় ৭ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে জমির মাপজরিপ সম্পন্ন করে নামজারি ও খাজনাও পরিশোধ করেন তিনি। 

অভিযোগ রয়েছে, জেন্দার আলীর মৃত্যুর পর তার ওয়ারিশদের সঙ্গে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। প্রথমে ২ শতাংশ জমিতে বসবাসের জন্য জায়গা দেওয়া হলেও পরে তারা ৪ শতাংশ জমির দাবি করেন। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও স্থায়ী সমাধান হয়নি।

সর্বশেষ সালিশে উভয় পক্ষের সীমানা নির্ধারণ করা হয় এবং বসবাসের সুবিধার্থে জেন্দার আলীর ওয়ারিশদের অন্যত্র ৫ শতাংশ জমি দেওয়ার প্রস্তাবে ইসরাইল প্রামাণিক সম্মত হন। কিন্তু গত ২ এপ্রিল হঠাৎ করে আব্দুস সামাদ আলী নামের এক ব্যক্তি লোকজন নিয়ে ইসরাইল প্রামাণিকের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করেন।

এ সময় বাধা দিতে গেলে আব্দুস সামাদ আলী, আব্দুল কুদ্দুস ও উজ্জ্বল হোসেনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দা, কুড়াল, হাসুয়া, শাবল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

সংঘর্ষে ইসরাইল প্রামাণিকসহ তার দুই ছেলে সাখাওয়াত হোসেন (৪৫), রাশেদুল ইসলাম (৩৩), ভাই রফিকুল ইসলাম (৫০) ও নুরনবী (২৫) সহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ইসরাইল প্রামাণিক অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ভাড়াটিয়া সন্ত্রাসীদের এনে তার জমি দখলের চেষ্টা করা হয়েছে। বাধা দেওয়ায় তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়। এতে তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ইসরাইল হোসেন বাদী হয়ে শাহজাদপুর থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত আব্দুস সামাদ আলীর বাড়িতে গিয়ে কোনো পুরুষ সদস্যকে পাওয়া যায়নি। পরিবারের নারী সদস্যরা জানান, গ্রেপ্তার আতঙ্কে পুরুষরা আত্মগোপনে রয়েছেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।