ইরানের ১০ দফা পরিকল্পনাই পাকিস্তানে আসন্ন আলোচনার ভিত্তি হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি। তিনি বলেছেন, এই বিষয়ে সম্মতি এসেছে, আলোচনার ভিত্তি হিসেবে ইরানের ১০ দফা পরিকল্পনাকে গ্রহণ করা হবে।
তেহরানে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈঠকে তাখত- রাভানচি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় কূটনীতি ও সংলাপকে স্বাগত জানায়। তবে তা এমন কোনও সংলাপ নয়, যা ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে প্রতারণার উদ্দেশ্যে হবে এবং ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক আগ্রাসনের পথ তৈরি করবে।
তিনি আরও বলেন, আমরা এমন কোনও যুদ্ধবিরতি চাই না, যা আগ্রাসী পক্ষকে পুনরায় শক্তি সঞ্চয় করে আবার হামলা চালানোর সুযোগ করে দেবে। আমরা আমাদের বন্ধুদের স্পষ্টভাবে জানিয়েছি, কোনও ধরনের নিশ্চয়তা ছাড়া এমন পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না।
অন্যদিকে, দুই দিন আগে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম ইরানের এই ১০ দফা পরিকল্পনাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা আগামীকাল ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাখত-রাভানচি তার বক্তব্যে ইরানের ওপর হামলার নিন্দা জানানো দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং কিছু ইউরোপীয় দেশের অবস্থানকে কঠোর সমালোচনা করেছেন।