তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৭:১৭ পিএম

ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সোমবার তিনি তেহরানে পৌঁছাবেন বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর ফার্স নিউজের। 

রবিবার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করাই আসিম মুনিরের এ সফরের মূল উদ্দেশ্য। পাশাপাশি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের চলমান মধ্যস্থতার অংশ হিসেবেও সফরটি গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। 

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পাকিস্তান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও পাল্টা প্রস্তাব আদান-প্রদানে সহযোগিতা করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের এ মধ্যস্থতা প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছেন আসিম মুনির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে তার ‘প্রিয় ফিল্ড মার্শাল’ হিসেবে অভিহিত করেছেন। 

গত জুনের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছিল। এতে দুই পক্ষকে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করে পরবর্তী আলোচনার প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়। তবে পরে ইরানে প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে এবং দেশটির ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র ওই সমঝোতা লঙ্ঘন করে বলে অভিযোগ রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই জানান, তেহরান সফরকালে আসিম মুনির দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত