ইরান ও চীন মিলে বিশ্ব অর্থনীতিতে ডলারের প্রভাব খর্ব করতে সক্রিয়ভাবে কাজ করছে। আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একক আধিপত্য কমিয়ে আনতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন এক নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে তেহরান। দেশটির পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান জানিয়েছেন,এই প্রণালি পার হওয়ার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে এখন থেকে ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে। মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল শুক্রবার (১০এপ্রিল) এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই সংসদীয় প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইতোপূর্বে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার পর ইরান যখন এই জলপথটি অবরোধ করেছিল, তখন তারা এক ধরনের অস্থায়ী ‘টোল’ ব্যবস্থা চালু করে। বিভিন্ন রিপোর্টের তথ্য, সেই সময় অনেক বাণিজ্যিক জাহাজ থেকে চীনা মুদ্রা 'ইউয়ান'-এ শুল্ক আদায় করা হয়েছিল। লয়েডস লিস্টের তথ্যমতে, গত ২৫ মার্চের মধ্যে অন্তত দুটি বড় জাহাজ ডলারের বদলে ইউয়ানে তাদের পাওনা পরিশোধ করেছে। যদি এই প্রস্তাব কার্যকর হয়, তবে হরমুজ প্রণালি ব্যবহারকারী আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে বাধ্য হয়েই ইরানের মুদ্রা ব্যবহার করতে হবে। এর ফলে কৌশলগত এই জলপথের ওপর ইরানের নিয়ন্ত্রণ যেমন বাড়বে, তেমনি বৈশ্বিক অর্থব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।