জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের দেখতে এসে তাদের দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলাম।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টায় আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের দেখতে আসেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রো - উপাচার্য ( প্রসাশন) অধ্যাপক ড সায়মা হক বিদিশা, কলা অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, ব্যবসা প্রসাশন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো মহিউদ্দিন।
অনশনরত শিক্ষার্থীদের দাবি গুলো সরকারের কাছে পৌছে দেয়ার আশ্বাস দিয়ে উপাচার্য বলেন, এটা রাজনৈতিক ইস্যু এ কারণে বলব যে এই ফয়সালা সংসদেই হবে, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে না। বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থী অসুস্থ থাকলে কোনো সমস্যায় থাকলে এটা আমার দায়িত্ব আছে। সেই জায়গা থেকে তাদেরকে সুস্থতা কামনা করার জন্য আমি এসেছি। তাদের দেখাশোনা করার জন্য গতকালকে আমরা ডাক্তার পাঠিয়েছি। তোমাদের এই মেসেজগুলো আমি সরকারের কাছে পৌঁছে দেবো বাকি সিদ্ধান্ত তারা নিবে। আমি আমার শিক্ষার্থীদেরকে বাসায় নিয়ে যেতে এসেছি। আমি আশা করি আমার শিক্ষার্থী আমার সাথে সায় দিয়ে তারা অনশন ভেঙ্গে আমার সাথে চলে যাবে।
এসময় অনশনরত শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম বলেন, তিনি (উপাচার্য) সরকারি আদেশটাই ব্যক্ত করেছেন এবং উনার অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে উনি আমাদের মৃত্যু কামনা করতে এসেছেন। আমরা এখানে অনশনে বসেছি। আমরা অত্যন্ত বিনয়ের সাথে উপাচার্য মহোদয়কে প্রত্যাখ্যান করেছি। এবং আমরা স্পষ্টভাবে অনশনের শুরু থেকেই জানিয়ে এসেছি, আমাদের তিন দফা দাবি বাস্তবায়িত না হওয়া অবধি আমরা এখান থেকে উঠছি না। এ্যান্ড উই হ্যাভ অলরেডি ডিসাইডেড দ্যাট আইদার উই উইল ফাইট অর উই উইল ডাই। দেয়ার উইল বি নো কম্প্রমাইস উইথ দিস রেফারেন্ডাম।
এর আগে অনশনরত শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জ্ঞাপন করতে ঢাকা- ০৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা -০৫ আসনের কামাল হোসেন এবং শেরপুর ০১ আসনের রাশেদুল ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রাজু ভাস্কর্যের পাদদেশে সশরীরে আসেন।