জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ ডিসেম্বর। চার দিনব্যাপী এ পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা কর্তৃপক্ষ।

রবিবার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। 

সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন নিতে হবে। প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।

ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে। উত্তরপত্র কোনোভাবেই ভাঁজ করা যাবে না। পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে আনতে পারবেন না।

জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৪০০ নম্বর থাকবে। বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০ করে নম্বর নির্ধারিত হয়েছে। এই ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত