মার্তিনেজ বীরত্বে শেষ চারের পথে

ঢাকা ঘুরে যাওয়া আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দারুণ সেভের পর ওলি ওয়াটকিনসের জোড়া গোলে বোলোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বোলোনিয়ার বিপক্ষে জিতে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে ইংল্যান্ডের ক্লাবটি। ফ্রেইবার্গের কাছে ৩-০ গোলে হেরে গেছে সেলতা ভিগো, নটিংহ্যাম ফরেস্ট ১-১ গোলে ড্র করেছে পোর্তোর সঙ্গে।

বোলোনিয়ার মাঠে স্বাগতিকরা এগিয়ে যেতে পারত ম্যাচের ২১ মিনিটেই। ১১ ম্যাচ ধরে ইউরোপা লিগে অপরাজিত বোলোনিয়া আর ইতালির মাটিতে কখনো জেতেনি অ্যাস্টন ভিলা। এই যখন সমীকরণ তখন মিরান্ডার বক্সের প্রান্তসীমার বাইরে থেকে বাম পায়ে নেওয়া জোরালো শটটায় বল জালে গেলে অসাধারণ একটা গোলই হতো। কিন্তু আরও দর্শনীয় কৌশলে মার্তিনেজ ঝাঁপিয়ে শূন্যে ভেসে বলটাকে হাতের ছোঁয়ায় বাইরে পাঠিয়ে দিয়েছেন গোলবারের উপর দিয়ে। বোলোনিয়া শেষ পর্যন্ত মার্তিনেজকে ফাঁকি দিতে পেরেছে ৯০তম মিনিটে। তবে তার আগে এজরি কোনসার গোল এবং অলি ওয়াটকিনসের জোড়া গোলে অনেকটাই এগিয়ে গিয়েছিল অ্যাস্টন ভিলা। প্রথম লেগ শেষে অ্যাস্টন ভিলা ৩-১ গোলে এগিয়ে, বৃহস্পতিবার দ্বিতীয় লেগের খেলায় বড় ব্যবধানে না হারলে মার্তিনেজরাই খেলবে সেমিফাইনালে। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ পোর্তো এবং নটিংহ্যাম ম্যাচের জয়ী দল। ১১ মিনিটে গোলের দেখা পেয়ে এগিয়ে যাওয়া পোর্তো ২ মিনিট পরেই আত্মঘাতী গোল করে ম্যাচে সমতা ফেরায়। ৯০ মিনিট শেষে সেই সমতাই বিরাজমান থাকে।