উত্তর আরব সাগরে বিপদাপন্ন একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। গতকাল শুক্রবার পাকিস্তান নৌবাহিনীর (পিএন) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই উদ্ধার অভিযানের তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘এমভি গোল্ড অটাম’ বাণিজ্যিক জাহাজ থেকে জরুরি বিপদ সংকেত পাওয়ার পর দ্রুত এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত নাবিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিকরা রয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি সতর্কতা পাওয়ার পরপরই পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ) তাদের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) সক্রিয় করে এবং উদ্ধার কার্যক্রমের প্রোটোকল শুরু করে।
সে সময় ওই এলাকায় টহলরত পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস হুনাইন’-কে অবিলম্বে এমভি গোল্ড অটামকে সহায়তার নির্দেশ দেওয়া হয়। নৌবাহিনীর বিশেষ দল জাহাজটিতে গিয়ে আগুন নেভানো, জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেন। পরে ১৮ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা হয়।