মার্কিন-বাংলাদেশ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি, শাহবাগে বিক্ষোভ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি বাতিলসহ দেশবিরোধী সব গোপন ও অসম চুক্তি প্রকাশের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল শুক্রবার অনুষ্ঠিত এ সমাবেশ থেকে বক্তারা চুক্তিটিকে ‘দাসত্বের চুক্তি’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, ‘নির্বাচনের মাত্র দুই-তিন দিন আগে দেশের মানুষকে অন্ধকারে রেখে অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন বাণিজ্যচুক্তি সম্পাদন করেছে। অন্তর্বর্তী সরকার দেশের জনগণের মতামত উপেক্ষা করে আমাদের কৌশলগত সম্পদ বন্দর ইজারা দেওয়ার চেষ্টা করেছে। আমরা সেই চুক্তিসহ দেশবিরোধী সব গোপন চুক্তি বাতিল করতে আহ্বান জানাই। একই সঙ্গে বন্দর ইজারা দেওয়ার চক্রান্ত বন্ধ করতে হবে। নতুবা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে অতীতের ন্যায় তা প্রতিহত করব।’

যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূস তথাকথিত আশীর্বাদ হিসেবে আমাদের দেশে এসেছিলেন। এসেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষা করেছেন। তিনি তার প্রভু মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করতেই মূলত ১৮ মাস সময় নিয়েছেন। দায়িত্ব নিয়েই তার প্রতিষ্ঠানের ৬০০ কোটি টাকার ওপর কর মওকুফ করে নিয়েছেন। এই গোলামির চুক্তি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।