চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদ- সমাধান নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলেছে সংস্থাটি। গত বৃহস্পতিবার আবু সাঈদ হত্যা মামলার রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এতে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদ-াদেশ দেওয়া হয়। দুজনেই কারাগারে আছেন। মামলার ৩০ আসামির মধ্যে তিন আসামিকে যাবজ্জীবন কারাদ- এবং ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ট্রাইব্যুনাল।
রায়ের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক গবেষক রিহাব মাহামুর বলেছেন, ‘আবু সাঈদসহ জুলাই বিক্ষোভে পুলিশি সহিংসতার শিকার আরও অনেক ভুক্তভোগী ন্যায়বিচার ও জবাবদিহি পাওয়ার দাবিদার। তবে কোনো আদালতেই মৃত্যুদ-ের স্থান নেই। এটি চূড়ান্ত নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর দ-।’ আইসিটির (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) ক্রমাগতভাবে মৃত্যুদ-ের ব্যবহার বাংলাদেশে ন্যায়ভিত্তিক ও টেকসই জাতীয় ঐক্যের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি।
রিহাব মাহামুর বলেন, ‘অতীতেও অ্যামনেস্টি ও অন্য বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে যে, আইসিটি অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক মানদ- অনুযায়ী ন্যায়বিচার এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি। আইসিটি পরিচালিত যেকোনো বিচারিক কার্যক্রমে কঠোরভাবে নিরপেক্ষতা ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন।’