গুম হওয়া পরিবারের ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ‘মায়ের ডাক’র অন্যতম সদস্য নুসরাত জাহান লাবনী এবার সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শেরপুর ও জামালপুর জেলার জনগণের পক্ষে নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
নুসরাত জাহান লাবনী ‘মায়ের ডাক’ সংগঠনের সক্রিয় সদস্য। সংগঠনটি গুম হওয়া ব্যক্তিদের পরিবারের ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এর আগে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি মায়ের ডাক সংগঠন এর পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
লাবনী গুমের শিকার পরিবারের সদস্য। তার বড় ভাই মাজাহারুল ইসলাম রাসেল, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৩ সালের ৪ ডিসেম্বর সাজেদুল ইসলাম সুমনের সঙ্গে নিখোঁজ হন। সেই ঘটনার পর থেকেই পরিবারটি ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে এবং লাবনী নিজে রাজপথে সক্রিয়ভাবে আন্দোলনে যুক্ত হন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শেরপুর ও জামালপুর জেলার বিএনপির নেতাকর্মীরা এবং গুম হওয়া ভিকটিম পরিবারের সদস্যরা। তাদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
লাবনী বলেন, গুম হওয়া প্রতিটি পরিবারের কান্না আমি নিজের পরিবারের মতো অনুভব করি। রাজনীতিতে আসার উদ্দেশ্য ক্ষমতা নয়, বরং এই নির্যাতিত মানুষগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তিনি কাজ করে যেতে চান।