ভোলা প্রেস ক্লাবের সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক নাসির

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত ভোলা প্রেসক্লাব নির্বাচন ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বহু প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাড. নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে সময় টিভি ও সমকালের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত নির্বাচনে দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণ ফিরে পায় প্রেসক্লাব প্রাঙ্গণ। পরে নির্বাচন পরিচালনা উপ-কমিটির তত্ত্বাবধানে ফলাফল ঘোষণা করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে অ্যাড. নজরুল হক অনু ৩০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আহাদ চৌধুরী তুহিন পান ১৩ ভোট এবং ওমর ফারুক পান ১১ ভোট।সহ-সভাপতি পদে মো. সোলায়মান ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আ. শহিদ তালুকদার পান ৮ ভোট এবং মেজবাহ উদ্দিন শিপু পান ১৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন লিটন ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মনিরুল ইসলাম পান ১২ ভোট, এম হেলাল উদ্দিন পান ৫ ভোট, আফজাল হোসেন পান ৪ ভোট, আল-আমিন শাহরিয়ার পান ১ ভোট এবং ইউনুস শরীফ পান ১ ভোট।

যুগ্ম-সম্পাদক পদে কামরুল ইসলাম ২৫ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী জসিম রানা পান ১৯ ভোট।কোষাধ্যক্ষ পদে নুরে আলম ফয়েজুল্লাহ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পান ১৫ ভোট।এর আগে ভোটগ্রহণ ছাড়াই দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা এবং নির্বাহী সদস্য পদে মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।