সিরাজগঞ্জের শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া চরপাড়া গ্রামের একটি ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) বেলা ৩টার দিকে শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এলাকাবাসী জানায়, চরাচিথুলিয়া চরপাড়া গ্রামের এক কৃষক তার জমি থেকে ঘাস কাটতে যান। জমির মাঝখানে অজ্ঞাত এ কিশোরের লাশ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শাহজাদপুর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম। নিহতের পরনে পাঞ্জাবি ও পাজামা ছিল।
সিরাজগঞ্জের সিআইডি পুলিশের একটি টিম লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। এ ছাড়া সিরাজগঞ্জের পিবিআই টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত কিশোরের পোশাক দেখে মাদরাসাছাত্র বলে মনে হচ্ছে।