টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্রপাতি প্রদর্শনী নিয়ে সমঝোতা স্মারক

ঢাকায় যৌথভাবে টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্রপাতি প্রদর্শনী আয়োজনের লক্ষ্যে শাংহাই টেক্সটাইল অ্যাসোসিয়েশন, লিংক ওয়েল এক্সিবিশন কোম্পানি লিমিটেড এবং ইকো এক্সপো বাংলাদেশ-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। গতকাল শনিবার ঢাকায় এই সমঝোতা স্মারক সই হয়।

এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বিটিএমএর সাবেক সহ-সভাপতি এবং বিটিএমএর ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্রপাতি প্রদর্শনী বিষয়ক কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন সই করেন। অন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে স্বাক্ষর করেন।

দেশের বস্ত্র ও পোশাক শিল্পে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এই সমঝোতা স্মারক সই করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলো যৌথভাবে প্রদর্শনীর পরিকল্পনা, আয়োজন, প্রচার এবং সার্বিক ব্যবস্থাপনার সমন্বয়ে কাজ করবে।

জানা গেছে, এই সমঝোতা স্মারকের ভিত্তিতে প্রতিবছর যৌথভাবে এই প্রদর্শনী আয়োজন করা হবে। প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো বস্ত্র ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তি এবং সর্বশেষ উদ্ভাবনসমূহ উপস্থাপন করা।