আর্তেতার ‘মুখে সজোরে ঘুষি’ মারল বোর্নমাউথ

প্রিমিয়ার লিগ শিরোপার স্বপ্নপূরণে বড় এক ধাক্কা খেল আর্সেনাল। নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে শিরোপা দৌড়কে জমিয়ে তুলল গানার্সরা। এই হারের ফলে টানা তিন মৌসুম রানার্সআপ হওয়ার পর এবারও লিগ জয়ের পথে বড় অনিশ্চয়তা তৈরি হলো মিকেল আর্তেতার দলের জন্য।

ম্যাচের শুরু থেকেই আর্সেনালকে বেশ ক্লান্ত ও ছন্নছাড়া মনে হয়েছে। ১৭ মিনিটের মাথায় জুনিয়র ক্রুপি গোল করে বোর্নমাউথকে এগিয়ে দেন। উইলিয়াম সালিবার বুটে লেগে বলটি ক্রুপির কাছে পৌঁছালে তিনি ভলিতে গোলটি করেন। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভিক্টর গিওকেরেস আর্সেনালকে সমতায় ফেরালেও ম্যাচে আধিপত্য বিস্তার করতে ব্যর্থ হয় স্বাগতিকরা।

খেলার ৭৪ মিনিটে অ্যালেক্স স্কট গোল করে বোর্নমাউথের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত আর্সেনাল কোনো জবাব দিতে না পারায় এমিরেটসের ৬০ হাজার দর্শক দুয়ো ধ্বনি দিয়ে মাঠ ছাড়েন।

ম্যাচ শেষে হতাশ কোচ মিকেল আর্তেতা এই হারকে একটি বড় আঘাত হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘এটি অত্যন্ত হতাশাজনক। এটা যেন সজোরে মুখে একটি ঘুষি খাওয়ার মতো। এখন আমরা কীভাবে ঘুরে দাঁড়াই সেটাই দেখার বিষয়। আমরা আজ অনেক অদ্ভুত ভুল করেছি এবং যথেষ্ট কার্যকর ফুটবল খেলতে পারিনি।’

তিনি আরও যোগ করেন, ‘খেলোয়াড়রা এই হারে অনেক বেশি ব্যথিত। তাদের উচিত এই আঘাতকে শক্তিতে রূপান্তর করা। হয় উঠে দাঁড়িয়ে লড়াই করতে হবে, নাহলে শিরোপা লড়াই থেকে ছিটকে যেতে হবে।’

আর্সেনাল বর্তমানে ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে থাকলেও তারা এক ম্যাচ বেশি খেলেছে। শেষ ৪টি ঘরোয়া ম্যাচের ৩টিতেই হেরেছে (কারাবাও কাপ ফাইনাল ও এফএ কাপসহ)। রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে হারালে পয়েন্ট ব্যবধান ৬-এ নামিয়ে আনতে পারবে তারা। পরের সপ্তাহে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল। লিগ টেবিলের শীর্ষ দুই দলের এই লড়াই এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। বোর্নমাউথের কাছে এই পরাজয় ম্যানসিটিকে লিগ জয়ের দৌড়ে নতুন করে অক্সিজেন সরবরাহ করল।