রানা-শরীফুলে লন্ডভন্ড মোস্তাফিজরা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ তিন বাংলাদেশি পেসারের লড়াইয়ে শেষ হাসি হাসলেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম। তাদের দল পেশোয়ার জালমির বোলিং তোপে বিধ্বস্ত হয়েছে মোস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্স। ৭৬ রানের বিশাল জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে পেশোয়ার।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পেশোয়ার জালমি ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস ৪৮ বলে ৭৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। লাহোর কালান্দার্সের হয়ে মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। তিনি ফিরিয়েছেন মাইকেল ব্রেসওয়েল ও আমের জামালকে।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে লাহোর। দ্বিতীয় ওভারেই ওপেনার মোহাম্মদ নাঈমকে প্যাভিলিয়নে ফেরত পাঠান শরীফুল ইসলাম। এরপর উইকেটে থিতু হতে যাওয়া আবদুল্লাহ শফিককে (২১) আউট করে লাহোরের ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দেন তরুণ পেসার নাহিদ রানা। পরে উসমান মিরকেও দ্রুত সাজঘরে পাঠান রানা। সব মিলিয়ে ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এ নিয়ে দুই ম্যাচে ৫ উইকেট পেলেন

অন্যদিকে শরীফুল ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৭ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় লাহোর।

এই জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান করছে পেশোয়ার। আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা (৪ জয়, ১ পরিত্যক্ত)। অন্যদিকে সমান ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে ধুঁকছে মোস্তাফিজের লাহোর কালান্দার্স।

সংক্ষিপ্ত স্কোর

পেশোয়ার জালমি : ১৭৩/৭ (২০ ওভার), কুশল মেন্ডিস ৭৪; মোস্তাফিজ ২/৩০।

লাহোর কালান্দার্স : ৯৭/১০ (১৭ ওভার), শফিক ২১; নাহিদ রানা ২/১৫, শরীফুল ১/১৭।

ফল : পেশোয়ার জালমি ৭৬ রানে জয়ী।