ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, তাই ক্রিকেটাররাও অবসর নেওয়ার পর ক্রিকেটই খেলবেন! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের অংশগ্রহণে বিশ্বের বিভিন্ন জায়গাতেই আয়োজন করা হয়েছে লিজেন্ডস লিগ, সেসবে অংশ নেন অনেক ক্রিকেটারই। তবে অনেক আয়োজনের ভিড়ে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’ আলাদা করে নজর কেড়েছে। কারণ এই আয়োজনে খেলেছেন যুবরাজ সিং, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, ব্রেট লি’র মতো সত্যিকারের কিংবদন্তিরাই। সেই ডাব্লিউসিএল-এর আগামী মৌসুমে বাংলাদেশ থেকে অংশ নেবে বাংলাদেশ চ্যাম্পিয়নস নামের একটি দল। শনিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলটির মালিক পক্ষের প্রতিনিধিরা।
মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে হেড টেবিলে অতিথিদের নামের তালিকায় ছিল বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের নাম। তবু তামিম বসলেন নিচে, সাংবাদিকদের সঙ্গেই। হয়তো ভবিষ্যৎ বিতর্ক এড়াতেই জুড়ে থাকতে চাইলেন না এই জাতীয় আসরে খেলা দলটার সঙ্গে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তো এই আসরে খেলোয়াড়দের পাঠানোই নিষিদ্ধ করেছে। কারণ সীমান্ত সংঘাতের জের ধরে ভারতের সাবেক ক্রিকেটারদের দলটা পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। সাবেক বিসিবি পরিচালক ও রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম আছেন এই দলটার সঙ্গে। তিনি জানিয়েছেন বিসিবি আনুষ্ঠানিকভাবে তাদের এফিলিয়েশন বা অনুমতি না দিলেও সবুজ সংকেত দিয়েছে এই আসরে অংশগ্রহণের। অনেক সময় এই ধরনের আসরে ক্রিকেটে জুয়ার ওয়েবসাইট বা অ্যালকোহলিক পানীয়ের বিজ্ঞাপন জার্সিতে থাকে যা বিসিবির নীতির সঙ্গে সাংঘর্ষিক। এসব কারণেই হয়তো সরাসরি সম্পৃক্ত হচ্ছে না বিসিবি।