আহত নেতাকে দেখতে গেলেন জামায়াত আমির

নির্বাচনী সহিংসতায় আহত শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারিকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গতকাল শনিবার বিকেলে হাসপাতালে আহত নেতাকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। জনগণের অধিকার আদায়ে দলীয় অবস্থান থেকে সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ অব্যাহত থাকবে।

জামায়াত আমির বলেন, সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনগুলোতে ব্যাপক অনিয়ম, সহিংসতা ও ভোট জালিয়াতির অভিযোগ রয়েছে, যা একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক। অতীতের মতো সাম্প্রতিক নির্বাচনগুলোতেও সহিংসতার ঘটনা ঘটেছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, রাজনীতিতে সহিংসতার কোনো স্থান থাকা উচিত নয়। তিনি সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, জনগণের ট্যাক্সের অর্থে পরিচালিত সংসদে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং অসংসদীয় আচরণ পরিহার করা প্রয়োজন।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সত্য ও ন্যায়ের পক্ষে তাদের দায়িত্বশীল ভূমিকা জাতিকে সঠিক পথে রাখতে সহায়তা করে। পরে তিনি আহত জামায়াত নেতার দ্রুত সুস্থতা কামনা এবং দেশবাসীর কল্যাণে দোয়া করেন। এ সময় জামায়াতের স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।