নাহিদ ইসলাম বলেছেন

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে

শ্রমজীবী মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসা বিএনপি এক মাসের মাথায় জনগণের কথা ভুলে তাদের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নতুন সরকার শ্রমিকদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসেছে। কিন্তু এক মাসের মাথায় তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেইমানি করেছে। গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এ সরকার ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের রক্তের কথা ভুলে গেছে।

নাহিদ ইসলাম বলেন, এ দেশের জাতীয় ইতিহাসে আমরা বারবার দেখেছি, শ্রমিকরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানেও যারা জীবন দিয়েছেন, তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ।

অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ও সংস্কার বাস্তবায়নের ওয়াদা বিএনপি ভঙ্গ করেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এ দেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হবে না। গণআন্দোলন গড়ে তুলে শ্রমিকের অধিকারসহ সংস্কার বাস্তবায়নে বাধ্য করা হবে।