গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগর ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বলেছেন, ১২ ফেব্রুয়ারি একই দিনে একই তফসিলে দুটি নির্বাচন হয়েছে। কিন্তু নির্বাচনের পর বিএনপি একটি নির্বাচনকে বৈধ বলছে আরেকটি নির্বাচনকে অবৈধ বলছে। বিএনপির দ্বিচারিতা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকার আমাদের রাজপথে ঠেলে দিচ্ছে। আমরা ৭০ শতাংশ জনগণের রায় বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এসেছি। সংসদে সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথেই সমাধান হবে উল্লেখ করে বক্তারা বলেন, মনে হয় সরকার ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করছে।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমির মাওলানা জিয়াউল হোসাইন প্রমুখ।