পটুয়াখালীর দুমকিতে হাম উপসর্গ নিয়ে ৬ শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার জিএম এনামুল হক জানান, ভর্তি হওয়া ৬ শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হামের লক্ষণ বিবেচনায় তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আলাদা বেডে রেখে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে ৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, বর্তমানে ২ শিশু চিকিৎসাধীন রয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, গত কয়েক দিনে জ্বর, শরীরে লাল ফুসকুড়ি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে এসব শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গত ৫ ও ৬ এপ্রিল চার শিশু এবং ১০ এপ্রিল আরও দুই শিশু এ সংক্রমন নিয়ে ভর্তি হয়।
এদিকে, হঠাৎ এধরনের সংক্রমণ দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠানো নিয়েও শঙ্কায় রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মীর শহীদুল হাসান শাহীন জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
আগামী ২০ এপ্রিল থেকে ছয় থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার তথ্য জানিয়ে তিনি জানান, এসময় অন্যান্য টিকাদান কার্যক্রমও চলমান থাকবে।