পানি-বিদ্যুৎ সাশ্রয়ে ছাত্রদল নেতার সচেতনতামূলক লিফলেট বিতরণ

বৈশ্বিক সংকটকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন পানি ও বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হন এবং অপচয় রোধ করেন সে লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কর্মসূচির শুরু করেন ছাত্রদলের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম। ‘বৈশ্বিক সংকটকালীন মুহূর্তে আমরা আমাদের দায়িত্ব পালন করছি কিনা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷ পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়৷

কর্মসূচি শুরুর আগে সাংবাদিকদের তৌহিদুল ইসলাম বলেন, দেশে সুপেয় পানির সংকট এখনও অনেক জায়গায় বিদ্যমান। তাই পানি ব্যবহারে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। আমরা যদি প্রয়োজন শেষে পানির কল ঠিকভাবে বন্ধ করি এবং পানি ব্যবহারে সচেতন হই, তাহলে এই গুরুত্বপূর্ণ সম্পদ সংরক্ষণ করা সম্ভব।

তিনি বলেন, সবার উচিত প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করা এবং ব্যবহার শেষে লাইট-ফ্যান বন্ধ করে দেওয়া। দিনের আলো ব্যবহার বাড়ানো এবং দিনের বেলায় ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার কমাতে পারলে বিদ্যুতের ওপর চাপ অনেকটাই কমানো সম্ভব।

তৌহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। আজ শিক্ষার্থীরা যা ভাববে, আগামী দিনে দেশও সেদিকেই এগোবে। তাই সচেতনতার জায়গা থেকে সবাইকে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। একার পক্ষে এ ধরনের বড় সংকট মোকাবিলা করা সম্ভব নয়। পানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সম্মিলিতভাবে সচেতন হতে হবে এবং বাস্তব উদ্যোগ নিতে হবে।