চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাজ্জাদ হোসেন হৃদয় নামে এক ছাত্রনেতার বিরুদ্ধে সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। তিনি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
সোমবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) এ ঘটনা ঘটে।
এবিষয়ে অফিসের উপ-সহকারী প্রকৌশলী আতা উল্লাহ জানান, বিকালে এলজিআরডি অফিসে ঠিকাদারি কাজের বিল আনতে যান সাজ্জাদ হোসেন হৃদয়। এসময় তার সঙ্গে চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শুভও ছিলেন। ছাত্রদল নেতা হৃদয় অফিসের প্রকৌশলী আতাউলের কাছে অফিসের হিসাব নিয়ামক শয়নের মোবাইল নম্বর চান। তিনি নম্বর দিতে অস্বীকার করলে হৃদয় তার সঙ্গে বাকবিতণ্ডা জড়ান এবং অফিসের প্রিন্টার মেশিন ভাঙচুর করে।
অভিযুক্ত সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, আমার এলাকার একটা ছেলে ওই অফিসে চাকরি করে আমি তার নাম্বার খুঁজছিলাম। ওনি নাম্বার না দিয়ে আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছিল। এর মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। পরে আমরা চা পানি খেয়ে চলে আসছি ঘটনা এতটুকুই।
ভাঙচুরের বিষয় অস্বীকার করে তিনি বলেন, দেশ কি মগের মুল্লুক নাকি, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উপজেলা পরিষদে গিয়ে ভাঙচুর করবে। আপনারা সাংবাদিকরা পারলে বিষয়টাকে ইগনোর করেন। আমি ইউএনওর সঙ্গেও কথা বলেছি।
এই বিষয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে মুঠোফোনে একাধিক বার কল দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
