কুষ্টিয়া শহরে প্রকাশ্য দিবালোকে সানি শেখ সাগর নামের যুবককে কুপিয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্তাতার ও বিচার দাবি জানিয়েছেন পিতা-মাতা। রবিবার(১২এপ্রিল) বেলা সাড়ে ১২টায় শহরের হোটেল তাজের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিহত সানি শেখ সাগরে বাবা আব্দুর রাজ্জাক ও মা মুসলিমা খাতুন। এ সময় তারা ছেলেকে নৃশংসভাবে হত্যার বিবরণ ও জড়িতদের গ্রেফতারসহ বিচারের দাবি জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
তাদের অভিযোগ, প্রতিদিন বাড়ির সামনে মাদক সেবীদের আড্ডার প্রতিবাদ করায় গত ৮ মার্চ বেলা সাড়ে ১২টায় শহরের চোড়হাস কোল্ড স্টোরেজ গলিতে সানিকে মাদকসেবীরা কুপিয়ে হত্যা করে। এঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে প্রবাল, শান্ত, হৃদয়, বিজয় ও ইমন এই পাঁচজনের নামোল্লেখসহ অজ্ঞাত ৮/৯জনের বিরুদ্ধে ১০ মার্চ কুষ্টিয়া মডেল থানায় সানির পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে হত্যা মামলা করেন (মামলা নং১৮) করেন ।
সংবাদ সম্মেলনে সাগরের বাবা আব্দুর রাজ্জাক বলেন, আমার ছেলে সাগরকে প্রকাশ্যে প্রতিবেশি নজরুল ইসলামের ছেলে প্রবাল (৩৫), শান্ত (২৯), খাবিরুল ইসলামের ছেলে হৃদয় (২৮), মিনারুল ইসলামের ছেলে বিজয়, রাজ্জাক ড্রাইভারের ছেলে ইমনসহ ৮-১০জন মিলে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। এসময়ের ভিডিওতে স্পস্ট দেখা যাচ্ছে। কিন্তু ঘটনার পরে মামলা হলেও পুলিশ কোন আসামীকেই গ্রেফতার করতে পারেনি। একাধিকবার পুলিশ, র্যাবকে জানালেও তারা কোন পদক্ষেপ নেয়নি বরং আসামীর লোকজন মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের হুমকি দিচ্ছে। মামলা করে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
সানি শেখ সাগরের মা মুসলিমা খাতুন বলেন, আমি আমার ছেলে সাগর হত্যার বিচার চাই। ওরা দিনের বেলা প্রকাশ্যে সাগরকে কুপিয়ে মেরে ফেলেছে। কিন্তু এখনো তাদের গ্রেফতার করেনি পুলিশ। আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদের বিচার চাই।
সংবাদ সম্মেলনে ছেলে হত্যার বিচার দাবি করেন এই দম্পতি। মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেফতার না করায় তারা বিভিন্ন মাধ্যমে মামলা প্রত্যাহার করে মিটমাট করে নেয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। তবে এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর দাবি করে করেন, সানি হত্যায় জড়িত আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।